বাঁকুড়ার সংগ্রামপুর জঙ্গলে ভয়াবহ আগুন,
দি নিউজ লায়নঃ সিমলাপালের জঙ্গলের পর এবার ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল বাঁকুড়ার সংগ্রামপুর জঙ্গলে। আজ সকালে জঙ্গলের ঝরা পাতায় আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে জঙ্গলের বিস্তীর্ণ এলাকায়। প্রাণভয়ে জঙ্গল ছেড়ে পালাতে শুরু করে বন্য সরিসৃপরা। আগুন নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় দু ঘন্টার চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রনে আসে আগুন। বাঁকুড়া জেলায় প্রতিদিনই কোনো না কোনো জঙ্গলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটছে।
গতকাল সিমলাপাল সংলগ্ন জঙ্গলে ঝরা পাতায় আগুন লাগে। রাতের মধ্যে সেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। সেই আগুন নিভতে না নিভতেই আজ দুপুরে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের জামবেদিয়া লাগোয়া সংগ্রামপুর জঙ্গলে ঝরা পাতায় আগুন লেগে যায়। আগুনে পুড়ে ছাই হয়ে যায় জঙ্গলের বহু ছোট গাছ। ক্ষতিগ্রস্থ হয় বড় গাছও। আগুনের তিব্রতা এতটাই ছিল যে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় বড়জোড়া থানার পুলিশ, বন দফতরের কর্মী, আধিকারিক ও দমকল। স্থানীয়দের দাবি মানুষের অসচেতনতার কারনেই এমন অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। বন দফতরের বড়জোড়া রেঞ্জ অফিসের রেঞ্জার ঋত্বিক দে বলেন, ইচ্ছাকৃত ভাবেই সংগ্রামপুরের এই জঙ্গলে আগুন লাগানো হয়েছে। আগুনে পুড়ে গেলে শুকনো কাঠ কেটে নিয়ে যাওয়ার পরিকল্পনাতেই এই আগুন লাগানো হয়ে থাকতে পারে। কিন্তু এলাকা বিশাল হওয়ার কারনে দুস্কৃতিদের চিহ্নিত করা যথেষ্ট কঠিন হয়ে পড়ছে ।

Post a Comment